ওডিডিএসের জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জবি প্রতিনিধি:
ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটির (ওডিডিএস) আয়োজনে অনুষ্ঠিত ‘মুনজারা-এ সলিমুল্লাহ’ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘শহীদ ওসমান হাদি’ দল। গত ৩ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আটটি বিতর্ক দল অংশ নেয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল কবি নজরুল কলেজ ডিবেটিং ক্লাব, সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাব, ডিবেট ফোরাম রংপুর, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটিসহ বিভিন্ন বিতর্ক সংগঠন।
চূড়ান্ত পর্বে যুক্তি, বিশ্লেষণ ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ ওসমান হাদি’ দল। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে ডিবেট ফোরাম রংপুর।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন দলের হয়ে বিতর্কে অংশ নেন সিফাত ফয়সল, আহমেদ তাহমিদ শাফি ও তুষার শুভ্র। দলটির নেতৃত্ব দেন সিফাত ফয়সল।
আয়োজক সংগঠন ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটির সভাপতি শাহরিয়ার তানভীর বলেন, “মুনজারা-এ সলিমুল্লাহ আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের একত্রিত করে একটি সুন্দর ও প্রতিযোগিতামূলক বিতর্কের পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য ছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলই তাদের যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনার মাধ্যমে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে।”
তিনি আরও বলেন, “বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ ওসমান হাদি’ দলের চ্যাম্পিয়ন হওয়ায় আমরা তাদের আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে রানারআপ ডিবেট ফোরাম রংপুরসহ অংশগ্রহণকারী সকল দল ও বিতার্কিকদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও বিতর্কচর্চাকে আরও বিস্তৃত করতে এবং তরুণ বিতার্কিকদের জন্য এমন আয়োজন অব্যাহত রাখতে ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটি কাজ করে যাবে।”
চ্যাম্পিয়ন দলের দলনেতা সিফাত ফয়সল বলেন, “আলহামদুলিল্লাহ, ‘মুনজারা-এ সলিমুল্লাহ’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই অর্জন শুধু আমাদের তিনজনের নয়, এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কাঙ্গনের সঙ্গে যুক্ত প্রত্যেকের।”
তিনি বলেন, “পুরো প্রতিযোগিতায় আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল দলের মধ্যে সমন্বয়, পারস্পরিক আস্থা এবং যুক্তির প্রতি দৃঢ়তা। প্রতিটি পর্বেই আমরা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের দক্ষ বিতার্কিকদের সঙ্গে বিতর্ক করার অভিজ্ঞতাটিও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।”

সিফাত ফয়সল আয়োজনের জন্য ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে দলের সদস্য আহমেদ তাহমিদ শাফি ও তুষার শুভ্রসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কচর্চার সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের মধ্যে প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ ওসমান হাদি’ দলের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের বিতর্কাঙ্গনে নতুন অর্জন হিসেবে যুক্ত হলো।
