যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে বিশুদ্ধ পানির আধুনিক ব্যবস্থা চালু, ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণ

Spread the love

যবিপ্রবি প্রতিনিধি

আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলে স্থাপন করা হয়েছে আধুনিক ‘ড্রিংকিং ওয়াটার লাইন অ্যান্ড ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট’। একই সঙ্গে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘অন্তঃহল ক্রীড়া সপ্তাহ ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

গতকাল রোববার (২২ নভেম্বর ২০২৬) মুন্সী মেহেরুল্লাহ হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানি পরিশোধন ব্যবস্থার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আব্দুর রউফ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। এ ছাড়া হলের সহকারী প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক ও আবাসিক শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, নতুন স্থাপিত নিরাপদ পানির ব্যবস্থাটি আগামী তিন থেকে ছয় মাস পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করা হবে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেবার মান ও প্রকল্পের কার্যকারিতা সন্তোষজনক পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলেও পর্যায়ক্রমে একই ধরনের ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে উপাচার্য আরও জানান, মুন্সী মেহেরুল্লাহ হলে উচ্চগতির ওয়াইফাই সংযোগ স্থাপনের কার্যক্রম শিগগিরই শুরু হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় চুক্তিও সম্পন্ন হয়েছে। তিনি হলকে শিক্ষার্থীদের দ্বিতীয় বাড়ি হিসেবে উল্লেখ করে এর পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখার আহ্বান জানান। পাশাপাশি রুমমেটদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে হলজীবনকে অর্থবহ করে তোলার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে হল প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আব্দুর রউফ সরকার বলেন, বর্তমানে মুন্সী মেহেরুল্লাহ হলে ১ হাজার ১০০-এর বেশি শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে। হল প্রশাসন, সহকারী প্রভোস্ট ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এখানে একটি শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আনন্দময় পরিবেশ ধরে রাখতে নিয়মিত সাপ্তাহিক ও মাসিক ফিস্টের আয়োজন করা হয়, যেখানে হল প্রশাসন ও শিক্ষকদের পক্ষ থেকে ভর্তুকি প্রদান করা হচ্ছে।

হলে স্থাপিত নতুন পানি পরিশোধন ইউনিটটিতে আধুনিক ফিল্টারেশন প্রযুক্তি ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে। এর প্রাথমিক পর্যায়ে দুটি শক্তিশালী পাম্পের সাহায্যে পানি মূল ফিল্টারে প্রবেশ করানো হয়। সেখানে বিশেষায়িত এএফএম (Activated Filter Media), পাথর ও বিভিন্ন আকারের বিটসের সমন্বয়ে গঠিত আট স্তরের ফিল্টারেশন প্রক্রিয়ায় পানি থেকে আয়রন ও অন্যান্য ময়লা অপসারণ করা হয়। পরবর্তী ধাপে দ্বিতীয় পিউরিফিকেশন ফিল্টারের মাধ্যমে পানি আরও পরিশোধন করা হয়। পাশাপাশি নির্ধারিত সময়সূচি অনুযায়ী ডোজিং পাম্পের সাহায্যে ক্লোরিন ডাই-অক্সাইড প্রয়োগ করে জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে।

পরিশোধিত পানি ৫ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ফুড-গ্রেড প্লাস্টিক ট্যাংকে সংরক্ষণ করা হয়। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে হলের প্রতিটি তলায় পানি সরবরাহ করা হবে। প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থীর দৈনন্দিন পানির চাহিদা বিবেচনায় নিয়ে এ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত পানি মজুত থাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হলেও পানি সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হবে। এ ছাড়া ফিল্টারের কার্যকারিতা বজায় রাখতে প্রতিদিন সকাল ১১টায় স্বয়ংক্রিয় টাইমারের মাধ্যমে প্রায় তিন মিনিট ধরে ব্যাকওয়াশ প্রক্রিয়া পরিচালিত হয়। এতে ফিল্টারে জমে থাকা আয়রন ও ময়লা নির্দিষ্ট পাইপের মাধ্যমে বের হয়ে যায়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে উপাচার্য ও অন্যান্য অতিথি হলের দ্বিতীয় তলায় ফিতা কেটে নতুন পানি পরিশোধন ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অন্তঃহল ক্রীড়া সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিশেষ নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *