শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
শাবিপ্রবি প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট এলাকায় এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থেকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সুরক্ষা দেওয়া সম্ভব।
তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট বডিসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।

অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বড় হওয়ায় প্রাথমিক পর্যায়ে কিছু বাইরের কর্মীকে পরিচ্ছন্নতা কাজে যুক্ত করা হয়েছে। পুরো কার্যক্রমটি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। আগামী শনিবার বা রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরাও সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। এ অভিযান অব্যাহত থাকবে।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনকেও এ ধরনের জনসচেতনতামূলক ও কল্যাণমূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

এ সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকভাবে উদ্যোগে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভাইস-চ্যান্সেলর।
পরে ভাইস-চ্যান্সেলর উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট, গ্যারেজসহ বিভিন্ন এলাকায় সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় ফুডকোর্ট ও আশপাশের টং দোকান মালিকদের নিজ নিজ স্থানের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা দেন তিনি। এসব এলাকায় যাতে কোনো ধরনের ময়লা-আবর্জনা জমে না থাকে, সেদিকেও নজর দেওয়ার নির্দেশ দেন।
অভিযানের আওতায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, আবাসিক এলাকা, লেক, খাল এবং ক্যাম্পাসের বিভিন্ন উন্মুক্ত স্থানে জমে থাকা আগাছা ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হবে। পাশাপাশি এডিস মশার লার্ভা ধ্বংস এবং মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট বডির সদস্য এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
