বিশ্বকাপ উন্মাদনায় রাবিপ্রবিতে রম্য বিতর্ক

Spread the love

রাবিপ্রবি প্রতিনিধিঃ জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। গ্রাম থেকে শহর, পাহাড় থেকে সমতল—সর্বত্র এখন ফুটবল জ্বর। আর সেই আমেজে ব্যতিক্রমী আয়োজন করেছে তিন পার্বত্য জেলার প্রথম ও একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি।বুধবার ( ১০ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত রম্য বিতর্ক প্রতিযোগিতা।এতে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এবং রানার্স আপ ব্রাজিল।প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন ডিবেটিং সোসাইটির প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দ্রিমা চন্দ্রেয়ী।প্রতিযোগিতার বিষয় ছিল— “এবারের বিশ্বকাপে আমরাই সেরা”।নিজ নিজ প্রিয় দলকে সেরা প্রমাণ করতে যুক্তির লড়াইয়ে অংশ নেন সাতজন সমর্থক বিতার্কিক।আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস—প্রতিটি দলের সমর্থকই তুলে ধরেন নিজেদের দলের শক্তি, ইতিহাস ও সম্ভাবনার নানা দিক। ভিন্নধর্মী এক পরিবেশে তর্ক, হাস্যরস আর ফুটবলপ্রেমে ভরপুর এই আয়োজনে দর্শকরাও আনন্দে উপভোগ করেন।প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হন আর্জেন্টিনা সমর্থক নুরুল ইসলাম নূর। আর রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেন ব্রাজিল সমর্থক তৌফিক হাসান রাসেল।আয়োজকরা জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপকে ঘিরে তাদের এমন সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের মাঝে বাড়িয়েছে আনন্দ, সম্প্রীতি ও যুক্তিচর্চার নতুন মাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *