স্পোর্টস ডেস্ক:
নতুন প্রধান কোচ হিসেবে জাবি আলোনসোকে নিয়োগ দিতে যাচ্ছে চেলসি। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। চার বছরের চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিতে যাচ্ছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।
৪৪ বছর বয়সি আলোনসো চলতি বছরের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই কোচিংয়ের বাইরে ছিলেন। সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র অর্ধ মৌসুম দায়িত্ব পালন করলেও ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল কোচ হিসেবে এখনও তার কদর রয়েছে।গত মাসে লিয়াম রোজেনিওরকে বরখাস্ত করার পর থেকেই স্থায়ী কোচের খোঁজে ছিল চেলসি।
জানুয়ারিতে এনজো মারেস্কার স্থলাভিষিক্ত হওয়া রোজেনিওর মাত্র ১০৬ দিন দায়িত্বে ছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যালাম ম্যাকফারলেন।প্রথমদিকে আন্দোনি ইরাওলা ও মার্কো সিলভাকে বিবেচনায় রাখলেও শেষ পর্যন্ত জাবি আলোনসোকেই প্রধান লক্ষ্য হিসেবে বেছে নেয় চেলসি কর্তৃপক্ষ। ক্লাব মালিকানা প্রতিষ্ঠান ব্লুকোর সঙ্গে সাম্প্রতিক আলোচনায় দলবদল নীতি ও কোচের ক্ষমতা নিয়ে কিছু নিশ্চয়তা চান আলোনসো। পরে দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়।এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে যায়।
মঙ্গলবার টটেনহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের আগেই আলোনসোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
