বেস্ট ট্রাভেল ভ্লগার অ্যাওয়ার্ড পেলেন মেহেরপুরের তুরিন

Spread the love

বেস্ট ট্রাভেল ভ্লগার অ্যাওয়ার্ড পেলেন মেহেরপুরের তুরিন
বিএফএ অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রথম আসরে ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা বিভাগে সেরা নির্বাচিত ‘ট্রাভেল উইথ তুরিন’

মামুন অর রশিদ বিজন, মেহেরপুর: মেহেরপুরের কৃতী সন্তান ও জনপ্রিয় ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা মুনেম শাহারিয়ার তুরিন অর্জন করেছেন ‘বেস্ট ট্রাভেল ভ্লগার অ্যাওয়ার্ড’। বিএফএ অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রথম আসরে ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা বিভাগে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে তাঁর জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ট্রাভেল উইথ তুরিন’। এই অর্জনের মধ্য দিয়ে উত্তরবঙ্গের ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাণ অঙ্গনে বিশেষ স্বীকৃতি পেলেন মেহেরপুরের এই ইয়াং স্টার।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় বিএফএ অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রথম আসর। উত্তরবঙ্গে প্রথমবারের মতো এত বড় পরিসরে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা বিভাগে সেরা পুরস্কার অর্জন করে ‘ট্রাভেল উইথ তুরিন’।

নাবিল গ্রুপের উপস্থাপনায় ও বাংলা টিফিনের সহযোগিতায় এবং এলিভেট বিজ্ঞাপনী সংস্থার আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সহযোগী হিসেবে ছিল পিপড়া ইভেন্ট ম্যানেজমেন্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে ‘ট্রাভেল উইথ তুরিন’-এর পক্ষ থেকে বলা হয়, এই সম্মাননা শুধু একটি পুরস্কার নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম, ভালোবাসা ও পথচলার বিশেষ স্বীকৃতি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সৌন্দর্য, বিশেষ করে উত্তরবঙ্গের পর্যটন সম্ভাবনা ও প্রাকৃতিক সৌন্দর্য সবার সামনে তুলে ধরার যে প্রচেষ্টা, এই অর্জন সেই পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে।

তুরিন আরও বলেন, একজন কনটেন্ট নির্মাতার সবচেয়ে বড় শক্তি তাঁর দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা। শুরু থেকে যাঁরা পাশে থেকেছেন, ভিডিও দেখেছেন, ভাগ করে নিয়েছেন, ভালোবাসা দিয়েছেন এবং প্রতিটি অর্জনে উৎসাহ জুগিয়েছেন, এই পুরস্কার তাঁদের সবার। এ ছাড়া সুন্দর আয়োজনের মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের কাজের স্বীকৃতি দেওয়ায় বিএফএ অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে বাংলাদেশের পর্যটন, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তুরিন।

উত্তরবঙ্গের কনটেন্ট নির্মাণ অঙ্গনে বৃহৎ পরিসরের এই আয়োজনের প্রথম আসরেই মেহেরপুরের সন্তান তুরিনের এমন অর্জন জেলার জন্য গর্বের বিষয়। ভ্রমণবিষয়ক ভিডিও নির্মাণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা তুলে ধরার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার তাঁর কাজের পরিধি আরও বাড়াতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুরিনের এই সাফল্য মেহেরপুরসহ উত্তরবঙ্গের তরুণ ভ্রমণপ্রেমী ও কনটেন্ট নির্মাতাদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *