কুবিতে ২৩ নভেম্বর শুরু হচ্ছে হেরিটেজ ও মেডেল প্রদর্শনী

Spread the love


‎
‎কুবি প্রতিনিধি:
‎
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগে আগামী ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনব্যাপী ‘হেরিটেজ এক্সিবিশন ও মেডেল কালেকশন এক্সিবিশন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভাগের ‘আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটি’র আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘আর্কিওলজি ফেস্ট-২৬’-এর অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
‎
‎প্রদর্শনীতে ব্রিটিশ আমল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মহান মুক্তিযুদ্ধের দুর্লভ মেডেলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতির স্মারক প্রদর্শন করা হবে। এবারের আয়োজনে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ‘বাংলাদেশ মেডেল অ্যাসোসিয়েশন’।
‎
‎প্রদর্শনী প্রসঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘আমরা শুধু র‍্যালি বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে সব সময় ইতিহাস ও ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করি। এবার আমাদের প্রদর্শনীতে বাংলাদেশ মেডেল অ্যাসোসিয়েশন যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা ব্রিটিশ আমল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুক্তিযুদ্ধের দুর্লভ স্মারক দেখার সুযোগ পাবে।’


‎
‎প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র উপদেষ্টা মোতাসিম বিল্লাহ বলেন, ‘প্রত্নতত্ত্ব বিষয়ে মানুষের মাঝে থাকা অস্পষ্টতা দূর করাই আমাদের মূল লক্ষ্য। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। ক্যাম্পাসের শিক্ষার্থীদের পাশাপাশি কোটবাড়ী ও কুমিল্লার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কমিউনিটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এই সম্পৃক্ততা ইতিবাচক ভূমিকা রাখবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *