সৌদিতে রোনালদোর ট্রফি-অপেক্ষা আরও দীর্ঘ হলো।

Spread the love

স্পোর্টস ডেস্ক:

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ফাইনালে জাপানের ক্লাব গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আল নাসর। শনিবার অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের একমাত্র গোলটি আসে ২৯তম মিনিটে। রোনালদোর একটি ভুল থেকে আক্রমণের সূচনা করে গাম্বা ওসাকা, পরে ডেনিজ হুমেত বক্সের ভেতরে সুযোগ পেয়ে ঠান্ডা মাথায় জালে বল পাঠান।গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আল নাসর। তবে গাম্বা ওসাকার রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় সৌদি ক্লাবটি। পুরো ম্যাচেই অনেকটা নিষ্প্রভ ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথমার্ধের শেষ দিকে একটি সহজ সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট করেন তিনি। এছাড়া সাদিও মানে ও জোয়াও ফেলিক্সও গোলের চেষ্টা চালান। ফেলিক্সের একটি শট পোস্টে লাগে এবং আরেকটি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গাম্বার ডিফেন্ডাররা।শেষ পর্যন্ত ১-০ গোলের জয় ধরে রেখে ইতিহাস গড়ে গাম্বা ওসাকা। ২০০৮ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এবার প্রথম জাপানি ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু শিরোপা জয়ের কীর্তি গড়ল তারা।অন্যদিকে, সৌদিতে যোগ দেওয়ার পর বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বপ্ন আবারও অধরাই থেকে গেল রোনালদোর। ম্যাচ শেষে হতাশায় ভেঙে পড়া পর্তুগিজ তারকাকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি। আল নাসরের খেলোয়াড়রা যখন রানার্সআপ মেডেল নিতে মঞ্চে উঠছিলেন, তখন সেখানে অনুপস্থিত ছিলেন দলের অধিনায়ক রোনালদো। তার বদলে দলের নেতৃত্ব দেন কোচ জর্জ জেসুস।রোনালদোর এই অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেক সমর্থকের ধারণা, ফাইনালে হারের মানসিক ধাক্কা থেকেই মেডেল গ্রহণ অনুষ্ঠানে যাননি তিনি।এই পরাজয়ের মাধ্যমে সৌদিতে রোনালদোর ট্রফি-অভিশাপ আরও একবার আলোচনায় উঠে এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *