লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আর্কিটেকচার বিভাগ আন্তর্জাতিক প্রদর্শনী ‘In-Between Thresholds’-এর মাধ্যমে লন্ডন ডিজাইন ফেস্টিভ্যাল ২০২৬-এ অংশগ্রহণ করেছে। ১২ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারে অনুষ্ঠিত হচ্ছে এ প্রদর্শনী।
চলমান ‘গ্রামের হাওড় কোল্যাব-৬’ প্রকল্পের অংশ হিসেবে শাবিপ্রবির দুই শিক্ষক ও আর্কিটেকচার বিভাগের আট শিক্ষার্থী নিয়ে গঠিত একটি প্রতিনিধিদল ১০ থেকে ১৭ সেপ্টেম্বর লন্ডনে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে।
২০২১ সালে শুরু হওয়া ‘গ্রামের হাওড় কোল্যাব’ শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ এবং যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির আর্কিটেকচার ও ডিজাইন বিভাগের যৌথ একাডেমিক উদ্যোগ। এ উদ্যোগের আওতায় বাংলাদেশের হাওর অঞ্চলের পরিবর্তনশীল জনবসতি, ল্যান্ডস্কেপ এবং গ্রাম থেকে শহরমুখী রূপান্তর নিয়ে গবেষণা ও বিভিন্ন প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়।
এবারের ‘গ্রামের হাওড় কোল্যাব-৬’ থেকে তৈরি দুটি প্রকল্প আন্তর্জাতিক প্রদর্শনী ‘In-Between Thresholds’-এর জন্য নির্বাচিত হয়েছে। প্রকল্প দুটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আবুবক্কর সিদ্দিকী, একলস এনজি, মো. আরিফুর রহমান ও ফারহা মুন।

নির্বাচিত প্রকল্পগুলোর একটি ‘Weaving the In-Between’। এতে সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটির বুনন কাঠামোকে কেন্দ্র করে মানুষ, বিভিন্ন কার্যক্রম ও স্থানকে সংযুক্ত করার ধারণা তুলে ধরা হয়েছে। স্থানীয় কারুশিল্পকে কেন্দ্র করে মানুষের সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগের জন্য জনপরিসরের নতুন সম্ভাবনাও অনুসন্ধান করা হয়েছে প্রকল্পটিতে।
অন্য প্রকল্প ‘Where Every Thread Carries a Story, Every Stitch Holds a Memory’-তে গ্রামীণ বাঙালি গৃহস্থালি জীবনের নকশিকাঁথা, উঠান, বারান্দা এবং নারীদের দৈনন্দিন কারুশিল্পচর্চার মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয়েছে।
‘In-Between Thresholds’ প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের ১০ জন শিল্পী ও আটটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভারতের আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন, বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভারতের পুনের এমআইটি আর্ট, ডিজাইন অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি এবং দুবাইয়ের হেরিয়ট-ওয়াট ইউনিভার্সিটি।

প্রদর্শনীর সেট ডিজাইন করেছে ওএসএ স্টুডিও এবং কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষ গোয়েল। এ আয়োজনে ভারতের সিন্ড্রেবে স্কুল অব ডিজাইন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে এবং গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে আইএফজে প্লাস।
শাবিপ্রবি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহযোগী অধ্যাপক কে. তৌফিক এলাহী।
এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের হাওর অঞ্চলের ভূদৃশ্য, স্থানীয় কারুশিল্প ও স্থান ব্যবহারের সংস্কৃতিকে আন্তর্জাতিক স্থাপত্য ও ডিজাইন অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে দেশের গ্রামীণ জীবন ও ঐতিহ্যের সঙ্গে সমকালীন স্থাপত্যচিন্তার সংযোগও আন্তর্জাতিক পরিসরে উপস্থাপিত হচ্ছে।

এদিকে সফরকালে আগামী ১৬ সেপ্টেম্বর শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
