শাবিপ্রবির ২০২৩-২৪ সেশনের ২৮ বিভাগের মেধাতালিকায় প্রথম পাঁচে থাকা শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির
মোহাম্মদ হাসান, শাবিপ্রবি প্রতিনিধি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৮টি বিভাগের মেধাতালিকায় প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘প্রমিসিং অ্যাকাডেমিকস ফ্যালিসিটেশন ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে এসব শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রেজাউল ইসলাম এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।

শাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ শাখার সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, তরুণরাই জাতির ভবিষ্যৎ। তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। এ জন্য পড়াশোনা ও গবেষণায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সফট স্কিল অর্জন করতে হবে। একই সঙ্গে সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি শিক্ষার্থীদের একাডেমিক দিকনির্দেশনা ও ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
