রাবিপ্রবিতে যোগদান করলেন নবনিযুক্ত উপাচার্য ড. জয়নুল আবেদীন সিদ্দিকী

Spread the love

রাবিপ্রবি প্রতিনিধি:

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পঞ্চম ভাইস-চ্যান্সেলর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।রোববার (১৮ মে) পূর্বাহ্নে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে পৌঁছালে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তাকে স্বাগত জানান। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনিযুক্ত উপাচার্যকে বরণ করে নেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।দায়িত্ব গ্রহণের পর সকাল ১০টায় উপাচার্যের দপ্তরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশ নেন।সভায় নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থানে পৌঁছাতে পূর্ববর্তী প্রশাসন, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের অবদান ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং উন্নয়ন চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্টরা নিজ নিজ বিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।এসময় আবাসিক হলসমূহের প্রভোস্ট ও বিভিন্ন দপ্তরের পরিচালকরা শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। আইকিউএসি ও আরআইএমসি’র বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অগ্রগতির বিষয়ও সভায় উপস্থাপন করা হয়।বিশ্ববিদ্যালয়ে চলমান হিট প্রজেক্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে শিক্ষকরা তাদের অভিজ্ঞতা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের রাজস্ব ও উন্নয়ন বাজেট সম্পর্কেও অবগত হন।সভায় অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী অবকাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে ডেডিকেটেড বিদ্যুৎ লাইন ও সাব-স্টেশন স্থাপনের ওপর জোর দেন তিনি। পাশাপাশি বাজেট ঘাটতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ১৪ মে ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী জাপান সরকারের মনবুশো স্কলারশিপ নিয়ে Kyoto University থেকে পোস্টডক্টরাল এবং Osaka University থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।দীর্ঘ শিক্ষকতা ও গবেষণা জীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা প্রকল্প, বৈজ্ঞানিক জার্নাল ও আন্তর্জাতিক সেমিনারে সক্রিয় ভূমিকা রেখেছেন।গবেষণাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশি-বিদেশি বহু বৈজ্ঞানিক জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও আমেরিকান কেমিক্যাল সোসাইটির আজীবন সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *