বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস নিয়ে রোজ একাডেমির প্রশিক্ষণ

Spread the love

নিজস্ব প্রতিবেদক

বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে রোজ একাডেমির ‘হিস্ট্রি স্কলার্স ট্রেনিং’-এর তৃতীয় সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলে।

সেশনে তিনটি বিষয়ে আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এবং দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান।

‘সিপাহী বিদ্রোহ থেকে বঙ্গভঙ্গ (১৮৫৭–১৯০৫)’ শীর্ষক প্রথম অধিবেশনে আলোচনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এতে বাঙালি জাতীয়তাবাদ, হিন্দু ও মুসলিম জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, বঙ্গভঙ্গ, ভদ্রলোক শ্রেণি এবং পূর্ব বাংলার আর্থসামাজিক পরিস্থিতি আলোচনায় উঠে আসে।

দ্বিতীয় অধিবেশনে ‘মুঘল ও নবাবী আমলে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রশাসনিক কাঠামো’ বিষয়ে আলোচনা করেন অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। তিনি মুঘল ও নবাবী আমলের প্রশাসনব্যবস্থা, কৃষি, শিল্প, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য এবং বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

‘ঔপনিবেশিক আমলে আধিপত্যবাদ’ শীর্ষক তৃতীয় অধিবেশনে আলোচনা করেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান। এতে ঔপনিবেশিক অর্থনীতি, ১৭৬৯-৭০ সালের দুর্ভিক্ষ, রাজস্বনীতি, বাজারব্যবস্থা, প্রশাসনিক সিদ্ধান্ত, সম্পদ পাচার এবং বাংলার আর্থসামাজিক পরিণতি বিশ্লেষণ করা হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের ইতিহাসের ঘটনাগুলোকে শুধু বর্ণনামূলকভাবে নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিশ্লেষণের ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ইতিহাসের উৎস, তথ্য-প্রমাণ, গবেষণাপদ্ধতি ও বস্তুনিষ্ঠ ইতিহাসচর্চার গুরুত্বও তুলে ধরা হচ্ছে।

রোজ একাডেমি একটি গবেষণামূলক, শিক্ষামূলক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান। বাংলায় মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য, ইসলাম, মুসলিম সভ্যতা, সংস্কৃতি এবং সমসাময়িক বুদ্ধিবৃত্তিক বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞানচর্চার প্রসারে কাজ করছে প্রতিষ্ঠানটি। তরুণদের মধ্যে

ইতিহাসসচেতনতা ও গবেষণার আগ্রহ তৈরি করাই ‘হিস্ট্রি স্কলার্স ট্রেনিং’ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *