কুবি শিক্ষিকার ছেলে হত্যা মামলায় বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে ২৯ নভেম্বর‎

Spread the love


‎কুবি প্রতিনিধি:
‎
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। তবে দুই প্রাপ্তবয়স্ক ও দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে পৃথক আদালতে।
‎
‎শনিবার (২১ নভেম্বর) মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎তিনি জানান, আদালত ইতোমধ্যে মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন। চার আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।


‎
‎আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে বলেও জানান তিনি।
‎
‎অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক আদালতে অনুষ্ঠিত হবে।
‎
‎পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তোলার কথা বলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
‎
‎পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
‎
‎মামলার তদন্ত শেষে গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযুক্তরা হলেন—সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়াম। তাদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং দুজন অপ্রাপ্তবয়স্ক।
‎
‎পুলিশের তদন্তে তুহিন, ফাহাদ ও কামরুলের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়ার এবং সিয়ামের বিরুদ্ধে হত্যার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।


‎
‎মামলার অভিযোগপত্র গ্রহণের পর আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। পৃথক আদালতে বিচার শুরুর মধ্য দিয়ে মামলাটির পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *