নিষেধাজ্ঞা উপেক্ষা করে শাবিপ্রবিতে বহিষ্কৃত ও নিষিদ্ধ ছাত্রদল নেতার নেতৃত্বে শোডাউন
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছাত্রদলের বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে ক্যাম্পাসে শোডাউনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে মোটরসাইকেলে করে একদল ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক স্লোগান ও শোডাউন করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক হল এলাকা এবং প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ১২ থেকে ১৫টি মোটরসাইকেলে করে প্রায় ৩০ জনের একটি দল ক্যাম্পাসে প্রবেশ করে। তাদের মধ্যে অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। এ সময় তারা ছাত্রদলের বিভিন্ন স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের প্রধান সড়ক ও আবাসিক হলের আশপাশে ঘোরাফেরা করেন।
অভিযোগ রয়েছে, পুরো কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সংগঠন থেকে বহিষ্কৃত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।
এর আগে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে হাসিবুর রহমানকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে ওই সময়ের জন্য তার ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবারের শোডাউনে অংশ নেওয়া ব্যক্তিরা ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই কর’, ‘কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তবে শোডাউনে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশই বহিরাগত বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা।
ঘটনার বিষয়ে হাসিবুর রহমানের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা থাকার পরও হাসিবুর রহমান কীভাবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেন—এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান বলেন, “যদি এটা করে থাকে, তাহলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
আবাসিক হল এলাকায় শোডাউনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “হলের বাইরে শোডাউন দেওয়া নিষিদ্ধ নয়। তবে যদি হলের ভেতরে কিংবা সামনে করে থাকে, তাহলে বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, গত বছর শাবিপ্রবির আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে হলগুলোতে শোডাউন, মিছিল ও সভা-সমাবেশও নিষিদ্ধ করা হয়। তবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালু রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

