আড়াই মাসেও যোগ দেননি বেরোবির নতুন ট্রেজারার

Spread the love

আড়াই মাসেও যোগ দেননি বেরোবির নতুন ট্রেজারার

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রায় দুই বছর শূন্য থাকার পর ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলেও আড়াই মাসেও যোগদান করেননি নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব বণ্টন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি নির্দেশনার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন নবনিযুক্ত ট্রেজারার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ ২০২৪ সালের ১৭ আগস্ট পদত্যাগ করেন। এরপর থেকে পদটি শূন্য ছিল। চলতি বছরের ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে বেরোবির ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের আড়াই মাস পেরিয়ে গেলেও তিনি দায়িত্ব গ্রহণ করেননি।

যোগদান না করার বিষয়ে অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার বলেন, ‘আমি যোগদানের জন্য প্রস্তুত আছি। সরকারি নির্দেশনা পেলে যোগদান করব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ট্রেজারার নিয়োগের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের এখতিয়ারভুক্ত।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ট্রেজারার পদটি দীর্ঘদিন শূন্য থাকায় আর্থিক ব্যবস্থাপনা, বাজেট বাস্তবায়ন, ব্যয় অনুমোদন ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অর্থসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের আর্থিক প্রস্তাব পর্যালোচনা, বিল-ভাউচার নিষ্পত্তি এবং অর্থ ছাড়ের মতো কাজেও অতিরিক্ত সময় লাগতে পারে। এতে প্রশাসনিক কার্যক্রমের গতি কমার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ বাস্তবায়নেও বিলম্বের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ট্রেজারারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি এ অতিরিক্ত দায়িত্ব পালন করায় তাঁর ওপর কাজের চাপ বাড়ছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে আর্থিক বিষয়গুলো সমন্বয় করাও চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *