অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

Spread the love

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অমাবস্যার অন্ধকার দূর করে আলো ও কল্যাণের বার্তা নিয়ে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির ও পূজামণ্ডপে প্রদীপ প্রজ্বালন, আলোকসজ্জা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালন করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা।

উৎসবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির ও আশপাশের এলাকা বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে বিপুলসংখ্যক প্রদীপ প্রজ্বালন ও ফানুস ওড়ানো হয়। পুরো আয়োজনজুড়ে ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

পঞ্জিকা অনুযায়ী, রোববার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়ে সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা ৫৮ মিনিটে শেষ হবে। অমাবস্যার রাতে অনুষ্ঠিত শ্যামাপূজা কালীপূজা নামেও পরিচিত। একই তিথিতে অনেক ভক্ত লক্ষ্মীপূজাও পালন করেন।

হিন্দুধর্মীয় বিশ্বাসে দেবী শ্যামা শক্তি, সাহস ও অশুভ বিনাশের প্রতীক। অশুভ শক্তির বিনাশ এবং সত্য, শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যয়ে এ পূজা উদযাপন করা হয়। অন্যদিকে দীপাবলি আলোর উৎসব হিসেবে পরিচিত। এদিন সন্ধ্যায় বাড়ি, মন্দির ও বিভিন্ন স্থানে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করা হয় চারপাশ।

এ বিষয়ে বেরোবি সনাতন শিক্ষার্থী সংসদের দপ্তর সম্পাদক দীপাংকর বলেন, ‘আমরা খুব শান্তিপূর্ণভাবে আয়োজনটি সম্পন্ন করতে পেরেছি। আজকের অনুষ্ঠানে খুব সুন্দর পরিবেশ ছিল। সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা পূজা, আলোকসজ্জা ও দীপাবলির আয়োজন উপভোগ করেছেন। সব মিলিয়ে এটি আমাদের জন্য সুন্দর একটি দিন ছিল।’

সংসদের সাধারণ সম্পাদক শুভ কর্মকার বলেন, ‘এবারের আয়োজনটি বেশ সুন্দর ও গোছানোভাবে সম্পন্ন হয়েছে। প্রায় দেড় হাজার প্রদীপ প্রজ্বালন করা হয়েছে। পাশাপাশি ফানুস ওড়ানো হয়েছে। অতীতের সব পাপ মোচন এবং সবার মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করেছে। সনাতন শিক্ষার্থী সংসদ আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছে। সবশেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।’

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ‘আজকের দীপাবলির আয়োজনটি অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর হয়েছে। এ আয়োজনের সার্বিক সাফল্য কামনা করছি। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সনাতন শিক্ষার্থী সংসদের যেকোনো আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে এবং সহযোগিতা করবে।’

শ্যামাপূজার অন্যতম অনুষঙ্গ হিসেবে সন্ধ্যায় বাড়ি ও শ্মশানে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্রয়াত বাবা-মা ও আত্মীয়স্বজনদের স্মরণ করা হয়। এর মধ্য দিয়ে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অনেকে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *