প্রকৌশল শিক্ষার নবদিগন্ত: যবিপ্রবিতে অলিম্পিয়াডের মধ্য দিয়ে এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টারের সূচনা
আলমগীর হোসেন, যবিপ্রবি প্রতিনিধি
শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী ভাবনাকে উৎসাহিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চালু হলো ‘জাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচই’ (আমেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স)। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজন করা হয় এক জমজমাট ‘ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স অলিম্পিয়াড’। এতে বিভাগের মোট ৩২টি টিমে বিভক্ত হয়ে ৬৩ জন শিক্ষার্থী নিজ নিজ মেধার স্বাক্ষর রাখেন।
গত সোমবার অপরাহ্ণে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং অনুষদ গ্যালারিতে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস। এতে সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠনের শিক্ষক উপদেষ্টা ও সহকারী অধ্যাপক ড. ইঞ্জি. রাজেশ কুমার চন্দ।

মেধাভিত্তিক এই প্রতিযোগিতায় অরিতৃ বিশ্বাস ও ইমন হাসানের সমন্বয়ে গঠিত টিম ‘ব্যালেন্স ব্রেকার’ প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একইসাথে ইয়াসিন আরাফাত শেখ ও মোসা. সানজিদা ইসলামের দল ‘ফ্রন্টিয়ার’ প্রথম রানার্সআপ এবং আবুল হোসেন ও জমির উদ্দিন বাদশার ‘সিস্টেম’ টিম দ্বিতীয় রানার্সআপের সম্মান অর্জন করে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান তাঁর বক্তব্যে জানান, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা প্রকাশের জন্য এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের উদ্ভাবনী চর্চায় উদ্বুদ্ধ করে তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরামর্শ দেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের সহায়তার ইতিবাচক প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস উল্লেখ করেন, কেমিক্যাল প্রকৌশলীদের জন্য বিশ্বমানের এ প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অপরিসীম, যা শিক্ষার্থীদের প্রাক-পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। অন্যদিকে, সংগঠনের উপদেষ্টা ড. ইঞ্জি. রাজেশ কুমার চন্দ এই শাখা চালুর পেছনে শিক্ষার্থীদের দীর্ঘদিনের নিবেদিত প্রচেষ্টা ও সুদূরপ্রসারী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
