রশিদুন্ নবীর নজরুল পুরস্কার প্রাপ্তিতে ময়মনসিংহে সংবর্ধনা

Spread the love

রশিদুন্ নবীর নজরুল পুরস্কার প্রাপ্তিতে ময়মনসিংহে সংবর্ধনা

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:

বাংলা একাডেমি নজরুল পুরস্কার-২০২৬ পাওয়ায় বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সংগীতজ্ঞ প্রফেসর ড. রশিদুন্ নবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষার গান নিয়ে ‘বাদল বঁধু এলো শ্রাবণ-সাঁঝে’ শীর্ষক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ময়মনসিংহের ঐতিহ্যবাহী এশিয়ান সংগীত জাদুঘর মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন ‘সুর-মুকুর’-এর উদ্যোগে এ সংবর্ধনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুর-মুকুরের সহসভাপতি ড. মো. আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাশমী। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমা রাণী রায়। স্বাগত বক্তব্য দেন সুর-মুকুরের সাধারণ সম্পাদক ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশিক সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ সাইফুল আলম পান্নু, স্বপন সরকার, প্রদীপ চক্রবর্তী, রেজাউল করিম আসলাম, সুবীর বরণ ধর বিলু, ‘বেহাগ’-এর স্বত্বাধিকারী মো. মাহফুজুর রহমান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগীতানুরাগীরা।

সংবর্ধিত প্রফেসর ড. রশিদুন্ নবী বলেন, ‘আমি পুরস্কার পাওয়ার জন্য কাজ করিনি। নজরুলকে বিশ্বদরবারে আরও ছড়িয়ে দিতে আমার প্রচেষ্টা এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

প্রধান অতিথি অধ্যাপক ড. আহমেদ শাকিল হাশমী বলেন, ‘প্রফেসর ড. রশিদুন্ নবীর বাংলা একাডেমি নজরুল পুরস্কার-২০২৬ প্রাপ্তি ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গন তথা সমগ্র দেশের জন্য এক বিরাট গৌরবের বিষয়। নজরুল চর্চায় তাঁর আজীবন সাধনা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়।’

বিশেষ অতিথি ড. সুমা রাণী রায় বলেন, ‘রশিদুন্ নবীর এই পুরস্কার প্রাপ্তি সংগীত ও গবেষণা জগতের জন্য আনন্দ ও গৌরবের মুহূর্ত। নজরুল সংগীতের শুদ্ধ রূপ ও বাণী নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তাঁর দীর্ঘদিনের সাধনা আজ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি তরুণ গবেষক ও সংগীতশিল্পীদের আরও অনুপ্রাণিত করবে।’

পরে সুর-মুকুরের শিল্পীদের পরিবেশনায় শুরু হয় নজরুলের বর্ষার গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘বাদল বঁধু এলো শ্রাবণ-সাঁঝে’। অনুষ্ঠানে নজরুলের প্রেম, বিরহ ও প্রকৃতির মেলবন্ধনে রচিত বর্ষার গান পরিবেশন করা হয়। গানগুলো উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *