মোহাম্মদ হাসান, শাবিপ্রবি প্রতিনিধি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন ছাত্র হল—বিজয় ২৪ হল, শাহপরাণ হল ও সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি বিজয় ২৪ হল পরিদর্শন করেন। এরপর দুপুর ৩টায় শাহপরাণ হল এবং বিকেল সাড়ে ৩টায় সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শন করেন।

বিজয় ২৪ হল ও শাহপরাণ হলের ডাইনিং পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর খাবারের গুণগত মান, স্বাদ, দাম, পরিমাণ ও সার্ভিস সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের মতামত শোনেন। শিক্ষার্থীরা বিভিন্ন সুবিধা-অসুবিধা ও অভিযোগের কথা জানালে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

এ সময় ডাইনিংয়ে দায়িত্ব পালনকারী কর্মচারীদের মাথায় ক্যাপ পরাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে খাবার পরিবেশনের নির্দেশনা দেন ভাইস চ্যান্সেলর।
অন্যদিকে, সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শনকালে তিনি আবাসিক শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং হলের ডাইনিং, ক্যাফেটেরিয়া ও রিডিং রুম ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।
