জবি প্রতিনিধি:
নর্দান ইউনিভার্সিটি ফার্মা ক্লাব আয়োজিত ‘National Debate Dominion 2026’-এ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (JNUDS) বিতর্ক দল ‘ত্রিমাত্রিক’। একই প্রতিযোগিতায় ‘Debater of the Tournament (DOT)’ নির্বাচিত হয়েছেন দলটির সদস্য গাজী সাদিয়া ইসলাম মুনিয়া। এ ছাড়া দলের হয়ে দ্বিতীয় ও তৃতীয় স্পিকার হিসেবে ব্রেক করেছেন যথাক্রমে ইশতিয়াক ইমন ও ওমর ফাহমিদ খান।
প্রতিযোগিতায় জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির হয়ে অংশগ্রহণ করেন ইশতিয়াক ইমন, ওমর ফাহমিদ খান ও গাজী সাদিয়া ইসলাম মুনিয়া। দলীয় পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখেছেন তাঁরা।
নিজেদের এই অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে দলের সদস্য ওমর ফাহমিদ খান বলেন, নর্দান ইউনিভার্সিটি ফার্মা ক্লাব ডিবেট টুর্নামেন্ট ২০২৬-এ দলের রানার্সআপ হওয়ার অর্জন তাঁদের কাছে অত্যন্ত আনন্দের ও গর্বের। গাজী সাদিয়ার Debater of the Tournament (DOT) নির্বাচিত হওয়া এবং ইশতিয়াক ইমন ও তাঁর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্পিকার হিসেবে ব্রেক করা দলের সম্মিলিত পরিশ্রম, পারস্পরিক বোঝাপড়া ও দলীয় সংহতির প্রতিফলন। এই অর্জনের পেছনে দলের প্রত্যেকের অবদান অনস্বীকার্য।
তিনি আরও বলেন, শত প্রতিকূলতা, প্রশাসনিক অবহেলা, রাজনৈতিক টানাপোড়েন ও নির্বাচন নিয়ে দীর্ঘসূত্রতা কোনো কিছুই জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির একনিষ্ঠ বিতার্কিকদের থামাতে পারেনি। ব্যক্তিগত প্রাপ্তির ঊর্ধ্বে উঠে তাঁরা নিরলসভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনতে কাজ করে যাচ্ছেন। অথচ বর্তমান বিতর্কিত পরিস্থিতিতে তাঁদের নিজেদের বিতার্কিক সত্তা নিয়েই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। প্রশাসন কবে বাস্তবতা উপলব্ধি করে সঠিক সিদ্ধান্ত নেবে, তা তাঁদের জানা নেই।
বিতর্কের মঞ্চে একসঙ্গে শেখা, লড়াই করা এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার অভিজ্ঞতাকে বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখ করে ফাহমিদ বলেন, এই অর্জন ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে এবং প্রতিকূলতার মধ্যেও নিজেদের বিশ্বাস ও আদর্শে অবিচল থাকার শক্তি দেবে। আয়োজনটি সফল করে তোলা এবং তাঁদের প্রতি আস্থা রাখার জন্য নর্দান ইউনিভার্সিটি ফার্মা ক্লাবের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি আরও বলেন, “জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কেবল একটি সংগঠন নয়; এটি আমাদের ভালোবাসা, অহংকার ও আত্মপরিচয়ের অংশ। এর গৌরব ও মর্যাদা রক্ষায় আমরা সর্বদা আপসহীন।”
