শাবিপ্রবিতে জামালপুর এসোসিয়েশনের নবীনবরণ ও পিঠালি উৎসব
শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর এসোসিয়েশন, সাস্ট’-এর উদ্যোগে নবীনবরণ ও পিঠালি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ‘এসো মিলি শিকড়ের টানে’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, সিলেটস্থ জামালপুর-শেরপুর সমিতি-এর প্রতিনিধিবৃন্দ, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী, জামালপুরের সাস্টিয়ান শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি জামালপুরের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ পিঠালি উৎসবের আয়োজন করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নিজ শিকড়ের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা জানান, দায়িত্ববোধ ও নিজ শিকড়ের প্রতি ভালোবাসা থেকেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের আয়োজন ও বাস্তবায়নে সংগঠনের সিনিয়র, জুনিয়র ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কাজ করেন। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
এ আয়োজন বাস্তবায়নে আর্থিক ও সার্বিক সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, সংগঠনের সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্যরা, সিলেটস্থ জামালপুর-শেরপুর সমিতির অতিথিবৃন্দ এবং জামালপুরের শিক্ষার্থীরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি আয়োজনের ক্ষেত্রে কোনো অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

‘জামালপুর এসোসিয়েশন, সাস্ট’-এর ১৭তম কার্যকরী কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে সংগঠনের পুরোনো সদস্যদের পরিচয় ও আন্তরিকতার বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
