শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
আজ বৃহস্পতিবার (১৮ জুন, ২০২৬) সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্ট্রারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আহমদ কবির চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শাবিপ্রবি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়। তোমরা যারা এখানে ভর্তির সুযোগ পেয়েছ, তারা অত্যন্ত ভাগ্যবান। এখান থেকেই আগামী দিনের শিক্ষাবিদ, গবেষক এবং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ করে নবীন শিক্ষার্থীদের আবাসন ও খাবারের মান বজায় রাখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যত্নবান হতে হবে। এই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা তা আন্তরিকতার সাথে করব, যেন শিক্ষার্থীরা একটি সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনা চালিয়ে যেতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম সিলেটের কৃতি সন্তান ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানসহ যাঁদের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়টি আজকের এই অবস্থানে এসেছে, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলরবৃন্দ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অবদান স্মরণ করেন।
নবীনদের উদ্দেশ্যে ভাইস চ্যান্সেলর বলেন, আজ থেকে তোমরা শাবিপ্রবি পরিবারের অংশ। তোমাদের একাডেমিক কার্যক্রম যথাসময়ে শেষ করার ব্যাপারে প্রশাসন বদ্ধপরিকর। ক্যাম্পাসে র্যাগিংয়ের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ বা কঠোর অবস্থানে থাকবে। সিনিয়র কারও দ্বারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তোমরা সাথে সাথে প্রক্টরসহ প্রশাসন সংশ্লিষ্টদের জানাবে। এমনকি যেকোনো প্রয়োজনে তোমরা সরাসরি আমাকেও ফোন করতে পারো। আমরা তোমাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন যে, এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মোঃ আহমদ কবির চৌধুরী, সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহিদুল হক, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।


