মাভাবিপ্রবিতে বায়োকেমিস্টদের দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক কর্মশালা

Spread the love

মাভাবিপ্রবিতে বায়োকেমিস্টদের দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক কর্মশালা


(মাভাবিপ্রবি প্রতিনিধি)
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (BMB) বিভাগে “Molecules to Medicine: Diagnostics and Quality Assurance for Future Biochemists” শীর্ষক একটি সময়োপযোগী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) HEAT সাব-প্রজেক্ট (PIN-12327)-এর আওতায় বিভাগের সেমিনার হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি তাঁর বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে গবেষণা, উদ্ভাবন ও ব্যবহারিক দক্ষতার বিকাশ অত্যন্ত জরুরি। HEAT প্রকল্পের মাধ্যমে আধুনিক ল্যাব সুবিধা ও শিল্পমুখী শিক্ষার পরিবেশ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, বারডেম জেনারেল হাসপাতাল-এর ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ও হেমাটোলজি বিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. আব্দুল মোত্তালিব এবং রেনাটা লিমিটেড-এর কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভাগের ম্যানেজার মো. মাসুদ পারভেজ। তারা মলিকুলার ডায়াগনস্টিকস, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ল্যাবরেটরি কোয়ালিটি কন্ট্রোল, ফার্মাসিউটিক্যাল মান নিয়ন্ত্রণ এবং বায়োকেমিস্টদের ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন।
কর্মশালার কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সিকদার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম (ASPM)। তিনি বলেন, বর্তমান সময়ে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি কেবল একাডেমিক পাঠ্য বিষয় নয়; এটি রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থাপনা, ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি অ্যাসিওরেন্স এবং বায়োটেকনোলজি উদ্ভাবনের অন্যতম ভিত্তি। তাই শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কর্মশালাটি HEAT সাব-প্রজেক্টের মূল প্রতিপাদ্য—“Transforming Biochemistry and Molecular Biology Education through Cutting-Edge Laboratory and Digital Resources to Meet Global Challenges”—এর আলোকে পরিচালিত হয়।
দিনব্যাপী এ কর্মশালায় বিভাগের শিক্ষক, গবেষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এটিকে তথ্যসমৃদ্ধ, সময়োপযোগী এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হিসেবে উল্লেখ করেন।
আয়োজকরা জানান, HEAT প্রকল্পের আওতায় ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা, সেমিনার ও ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *