৩য় বর্ষে ওঠা নিয়ে জটিলতা, ক্ষোভ প্রকাশ যবিপ্রবির ২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের

Spread the love

৩য় বর্ষে ওঠা নিয়ে জটিলতা, ক্ষোভ প্রকাশ যবিপ্রবির ২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের

যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে রিটেইক ফি ও প্রশাসনিক জটিলতা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, ৫০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা ফি নির্ধারণের পাশাপাশি কোড পরিবর্তনের জটিলতায় গুরুত্বপূর্ণ বিষয় আড়ালে পড়ে যাচ্ছে।

শিক্ষার্থীদের দাবি, নতুন নিয়ম অনুযায়ী তৃতীয় বর্ষে ওঠার আগে সকল রিটেইক সম্পন্ন করতে না পারলে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে ইয়ার ড্রপ দিয়ে পুনরায় ভর্তি (রিএডমিশন) নিতে হবে। যদিও এই সিদ্ধান্তকে আংশিকভাবে ইতিবাচক বলা হলেও, বাস্তবায়ন প্রক্রিয়ায় তৈরি হওয়া জটিলতা শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলেছে।

একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, কোড পরিবর্তনের কারণে তারা দীর্ঘ ছয় মাস ধরে এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরেছেন এবং বারবার আবেদন জমা দিয়েও কাঙ্ক্ষিত সমাধান পাননি। এতে তাদের মূল্যবান সময় নষ্ট হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে রিটেইক সম্পন্ন করা অনিশ্চিত হয়ে পড়েছে।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, “স্বল্প সময়ের মধ্যে একাধিক রিটেইক সম্পন্ন করা প্রায় অসম্ভব। ফলে অনেক শিক্ষার্থী ইয়ার লসের ঝুঁকিতে পড়েছেন, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের NHS বিভাগের শিক্ষার্থীদের নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, কিছু শিক্ষার্থী ইতোমধ্যে ৫৫০০ টাকা দিয়ে রিটেইক সম্পন্ন করেছেন। অথচ আগে ৫০০ টাকায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল। পরীক্ষার মাত্র দুই দিন আগে ফি ৫০০০ টাকার বেশি নির্ধারণ করা হয় বলে অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীরা দাবি করেন, “আমাদেরকে কোনো ধরনের মতামত দেওয়ার সুযোগ না দিয়ে হঠাৎ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৭০,০০০ টাকা আদায় করা হয়েছে, যা আমাদের জন্য বড় ধরনের আর্থিক চাপ।”

শিক্ষার্থীরা দ্রুত এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন, যাতে তাদের একাডেমিক জীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *