যবিপ্রবিতে আইইইই ডে উদযাপিত

Spread the love

যবিপ্রবিতে আইইইই ডে উদযাপিত

যবিপ্রবি প্রতিনিধি

‘উন্নত ভবিষ্যতের লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার’ স্লোগানকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স’ (আইইইই) ডে উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২ টায় আইইইই জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ এর উদ্যোগে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে আয়োজিত বর্নাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হয় ‘আইইইই ডে’। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। পরবর্তীতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারীতে অতিথীদের উপস্থিতিতে কেক কাটা হয়। পরে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের কোনো বিকল্প নেই। দক্ষ মানবসম্পদ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশল ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশ্বমঞ্চে আমাদের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের প্রযুক্তিভিত্তিক সহ-শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান খান, ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইইই-এর জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার জাহিদুল ইসলাম শান্ত। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *