পারিবারিক কারণ দেখিয়ে যবিপ্রবির ট্রেজারারের পদত্যাগ

Spread the love

পারিবারিক কারণ দেখিয়ে যবিপ্রবির ট্রেজারারের পদত্যাগ

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর ট্রেজারার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২ মে ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর দাখিল করা এ চিঠিতে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণকে সিদ্ধান্তের প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন।

পদত্যাগপত্রে তিনি জানান, ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা নিশ্চিতকরণ, বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন এবং শিক্ষা-গবেষণার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছেন।

তবে বর্তমানে তাঁর পরিবার সিলেটে অবস্থান করায় দূরত্বজনিত কারণে পারিবারিক দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। পরিবারের নিরাপত্তা ও প্রয়োজনীয়তা বিবেচনায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

পদত্যাগপত্রে আরও বলা হয়েছে, তিনি আগামী ২০ মে ২০২৬ তারিখ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপক (গ্রেড-২) পদে যোগদান করতে আগ্রহী। এর জন্য তিনি যবিপ্রবির ট্রেজারার পদ থেকে অব্যাহতি প্রার্থনা করেছেন।

চিঠির শেষাংশে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ভাইস-চ্যান্সেলর এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *