বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের মধ্যে নামাজের টুপি বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের অন্যতম আহ্বায়ক সদস্য তামাসুল ইসলাম সোহান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের সময় এ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি জিয়া পরিবার, দেশের জনগণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও দোয়া কামনা করেন সোহান।
কর্মসূচি প্রসঙ্গে তামাসুল ইসলাম সোহান বলেন, ‘বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে সব সময় জিয়া পরিবার এগিয়ে এসেছে। সেই জিয়া পরিবারের নক্ষত্র হলেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশের বিনির্মাণে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সবাইকে উদ্বুদ্ধ করছেন।’
তিনি আরও বলেন, ‘আগামী দিনে বাংলাদেশ এমন একজন প্রধানমন্ত্রী পেয়ে তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবে। এই অচল বাংলাদেশ তাঁর হাত ধরেই ইনশাআল্লাহ সচল বাংলাদেশে পরিণত হবে। তিনি বিশ্বদরবারে বাংলাদেশকে আলোকিত করবেন।’
প্রধানমন্ত্রীর সুস্থতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানিয়ে সোহান বলেন, ‘তিনি সুস্থ থাকলে এবং ফ্যাসিস্টদের মোকাবিলায় সবাই তাঁকে সহযোগিতা করলে বাংলাদেশকে পরিপূর্ণতার দিকে এগিয়ে নিতে পারবেন।’

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে তাঁকে অভিনন্দন জানিয়ে সবার কাছে প্রধানমন্ত্রী, জিয়া পরিবার, বাংলাদেশের জনগণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন জবি ছাত্রদলের এই নেতা।
