নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’

Spread the love

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচি পালন করেছে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, টিএসসি, ড্রেন ও বিভিন্ন পরিত্যক্ত স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন এবং ক্যাম্পাসের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতা অভিযানটি আগামী দিনগুলোতেও চলমান থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার বলেন, “প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে সতর্ক ও সচেতন থাকি, তাহলেই পরিবর্তন সম্ভব। আমি, তুমি, আমরা সবাই মিলে বাংলাদেশ। আমাদের দলের একটি স্লোগান-‘সবার আগে বাংলাদেশ’। সবার আগে বাংলাদেশ তখনই হবে, যখন আমরা সবাই মিলে দেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “ময়লা-আবর্জনা যেখানে-সেখানে ফেলার অভ্যাস পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের অভ্যাস যতদিন পর্যন্ত আমাদের নিজেদের মধ্যে তৈরি না হবে, ততদিন প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। তাই ক্যাম্পাস পরিষ্কার রাখতে আমরা যখন যেখানে যাকে ময়লা ফেলতে দেখব, তাকে সচেতন করার চেষ্টা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *