ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন বুটেক্সের কর্মচারী, উপাচার্যের শোক

Spread the love

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন বুটেক্সের কর্মচারী, উপাচার্যের শোক

সুব্রত কুমার পাল, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক শাখার কম্পিউটার অপারেটর রশিদ হাসান রাজু মারা গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পঞ্চগড় সুগার মিল হাইস্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত একটি শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে তিনি জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। পরবর্তীতে সোমবার (১৫ সেপ্টেম্বর) তাঁকে শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাতে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর সাড়ে ৮টার দিকেই তিনি মৃত্যুবরণ করেন। আরো জানা যায়, তাঁর আগে থেকেই জন্ডিসজনিত সমস্যা ছিল। পাশাপাশি তিনি থ্যালাসেমিয়াজনিত জটিলতায় ভুগছিলেন।

উল্লেখ্য, রশিদ হাসান রাজু পঞ্চগড় সদরে জন্মগ্রহণ করেন। তিনি সরকারি তিতুমীর কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতক শেষ করেন। চলতি বছরের ৩ ফেব্রুয়ারিতে তিনি বুটেক্সের রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক শাখার কম্পিউটার অপারেটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে অস্থায়ীভাবে কম্পিউটার অপারেটরের দায়িত্ব পালন আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *