ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা: মাভাবিপ্রবিতে চাকরি নিয়োগ প্রক্রিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এমবিএসটিইউ) শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি জোরদার করতে “Job Recruitment Process” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমবিএসটিইউ অ্যাকাউন্টিং ক্লাবের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতি, নিয়োগ প্রক্রিয়ার বাস্তব চিত্র এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়তা করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম. ডি. রোস্তম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এইচআরএম) মোঃ জারিফ আহমেদ, যিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, নিয়োগদাতাদের প্রত্যাশা এবং ক্যারিয়ার উন্নয়নের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি তিনি একটি মানসম্মত সিভি তৈরির কৌশল ব্যাখ্যা করেন এবং সিভি বাতিল হওয়ার সাধারণ কারণগুলো নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
এছাড়া সজীব গ্রুপের ডেপুটি ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ ইমরান শরীফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি মার্কেটিং, সেলস, ফাইন্যান্স, এইচআর এবং অপারেশন বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি কমিউনিকেশন স্কিল, লিডারশিপ, সময় ব্যবস্থাপনা, আত্মনিয়ন্ত্রণ, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং প্রেজেন্টেশন দক্ষতার গুরুত্ব ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেনদ্রু লিমিটেডের ম্যানেজার ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মীর মাইনুল ইসলাম, যিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবেও কর্মরত। তিনি বর্তমান চাকরি বাজারের চাহিদা, নিয়োগ প্রক্রিয়ার বাস্তবতা এবং সফল ক্যারিয়ার গঠনের কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবনে ক্যারিয়ার গঠনের দুটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে—প্রবেশের পূর্ব প্রস্তুতি এবং প্রবেশের পরের উন্নয়ন। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম ধাপটি সঠিকভাবে প্রস্তুত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় কার্যকর ভূমিকা রাখবে।
অ্যাকাউন্টিং ক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান বলেন, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ, আত্মমূল্যায়ন এবং দক্ষতা উন্নয়নে সহায়ক। তিনি আরও উল্লেখ করেন, রাজধানী থেকে দূরে অবস্থানের কারণে অনেক সুযোগ থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হয়; তাই এই উদ্যোগ তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সেমিনার শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, বাস্তবমুখী জ্ঞান অর্জন এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা: মাভাবিপ্রবিতে চাকরি নিয়োগ প্রক্রিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
