ইবি প্রতিনিধি:
সাংবাদিকরা কলম সৈনিক। তাদের অস্ত্রই হইলো কলম, তাই কলমটাই লোগো হিসেবে বেছে নিই বলে মন্তব্য করেন ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও পিএসসি সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া। সোমবার (১৮ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে সাংবাদিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিএসসি সচিব ও ডেসকো চেয়ারম্যান ড. সানোয়ার জাহান ভূঁইয়া, কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিলকদ হোসেন, ইবিসাস সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং সমিতির সদস্যরা।তিনি বলেন- ‘বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে রিপোর্টারদের সংগঠনের কমন নামই হইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আমি ইবিসাস নামকরণের আগে জাহাঙ্গীরনগরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিলাম তাদের নাম সাংবাদিক সমিতি। ইউনিভার্সিটি গুলোতে প্রেস ক্লাব হয় না বা রিপোর্টস রিপোর্টার্স ইউনিটি হয় না। আমরা অরিজিনাল নামটাই নিলাম যেটা সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য কমন ও আমরা শুরু করলাম কাজ। বাকিটা তোমরা বাকি ইতিহাস তোমাদের। তোমরা আমার লিগ্যাসি বহন করছো। তখন আমাদের কোনো বসার জায়গাও ছিল না, কোনো অফিসও ছিল না, কোনো সাইনবোর্ডও ছিল না। একটা প্যাড নিজেরা নিজেদের মত বানায়ে আমরা কাজ শুরু করছিলাম । এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে যে তোমরা এতজন এটার সাথে যুক্ত আছো। প্রেস ক্লাব এবং ইবিসাস তোমরা পাশাপাশি বসো। এটাও একটা ভালো বিষয়।’তিনি আরও বলেন- ‘তোমরা আমার লিগ্যাসির পার্ট, যেটা আমরা শুরু করেছিলাম তোমরা তা বহন করে নিয়ে আছো। আমার ধারণা জীবনে অনেক কিছুই হয়তো থাকবে না। এ অর্জন হয়তোবা থাকবে। বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে ইবিসাস ততদিন থাকবে, তখন এ নামটা জড়িয়ে থাকবে এটাই কন্ট্রিবিউশন।’এর আগে তিনি ব্যবস্থাপনা বিভাগে ‘ম্যানেজমেন্ট ক্যারিয়ার ফর আপকামিং চ্যালেঞ্জেস ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন’ শীর্ষক সেমিনারে আলোচনা করেন।
