বুটেক্সের কেন্দ্রীয় উপাসনালয়ে জন্মাষ্টমী উদযাপন
সুব্রত কুমার পাল, বুটেক্স প্রতিনিধি
ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চলমান সনাতনী শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরা তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার ভক্তরাও অনুষ্ঠানে অংশ নেন।
সন্ধ্যা আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে রাত সাড়ে ৮টায় শ্রীরূপ অভিষেক অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য সাত্ত্বিক প্রসাদের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে বুটেক্সের ৫০তম ব্যাচের পক্ষ থেকে ৫১তম ব্যাচকে আগমনী শুভেচ্ছা জানানো হয়। এসময় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সুব্রত কুমার পাল শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তব্যে তিনি কেন্দ্রীয় উপাসনালয়ে নিত্যপূজা ও ধর্মীয় বিধি পালনের বিদ্যমান সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। পাশাপাশি ধর্মীয় ও সাংগঠনিক কার্যক্রমে সিনিয়র-জুনিয়র নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান প্রসঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সুশান্ত চৌধুরী বলেন, “প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বুটেক্সের কেন্দ্রীয় উপাসনালয়ে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সত্য ও ন্যায়ের বিজয়ের বার্তাও বহন করে।
তিনি আরো বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং মানবকল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে। বুটেক্সের মতো একটি প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে।”
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী লিমা দাস বলেন, “ক্যাম্পাসে আসার পর এটিই আমাদের ব্যাচের প্রথম ধর্মীয় অনুষ্ঠান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল সিনিয়র ভাই-বোনের প্রতি আমরা কৃতজ্ঞ।”

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত জন্মাষ্টমীর অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
