ইবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে নোমান ও রিয়াজ
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রিয়াজ উদ্দিন। এছাড়াও চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির ‘নবীনবরণ ও সংবর্ধনা-২০২৬’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এসময় অনুষ্ঠানে নানা ধরনের গান, খেলা ও আঞ্চলিক সংস্কৃতির আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন (আজহারী) ২০২৬-২৭ বর্ষের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাইয়াজ মোহাম্মদ জিসান, অর্থ সম্পাদক হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শামীম রিয়াদ এবং অফিস সম্পাদক হিসেবে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আদিল মাহমুদ তৌসিফ।
কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রামের শিক্ষার্থীদের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতেই আমাদের এই আয়োজন। আমরা সবসময় শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে একটি পরিবার হয়ে পাশে থাকবো। নবীনরা যাতে এই নতুন পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে এবং সিনিয়রদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যেই আজকের এই মিলনমেলা।
নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। আপনাদের ধন্যবাদ জানাই আমার ওপর আস্থা রাখার জন্য। আমরা সবাই একসাথে কাজ করে এই সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবো। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
