
হামলার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিন সরকার আবিরের উপর হামলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং শহীদ ফরহাদ হোসেন হল সংসদের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিন সরকার আবিরের উপর হামলার ঘটনায় অভিযুক্ত মো. ইমনকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ৪টার দিকে চাকসু’র আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, সম্প্রতি স্থানীয় সন্ত্রাসীদের একটি দল জাহিন সরকার আবিরের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করলে হামলার নেতৃত্বদানকারী মো. ইমনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় সার্বিক আইনি সহায়তায় ফজলে রাব্বি তৌহিদসহ উপস্থিত ছিলেন চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান এবং ফরহাদ হোসেন হল সংসদের জিএস মাসউদুর রহমান ফাহাদ।
এ ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হামলার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।





