শাবিপ্রবিতে খেলা দেখা নিয়ে ছাত্রদলের এক কর্মীর মাথা ফাটল আরেক কর্মী; তদন্তে তিন সদস্যের কমিটি গঠন।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে ছাত্রদলের দুই কর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছেন। এ ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৭ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় খেলা-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক আহমদ কবির চৌধুরী। কমিটির অন্য দুই সদস্য হলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।
জানা যায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে খেলা নিয়ে ছাত্রদলের দুই কর্মীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে গড়ায়। এতে আশরাফুল নামে এক কর্মী মাথায় আঘাত পেয়ে আহত হন।

