খেলায় সংঘর্ষের ঘটনায় তিন সিদ্ধান্ত ; শাবিপ্রবি দলকে বিজয়ী ঘোষণা।
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা চলাকালীন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে ম্যাচ চলাকালীন শাবিপ্রবির এক শিক্ষার্থীকে মারধর করে রক্তাক্ত করেছেন রাবি ফুটবল দলের সদস্যরা। এ ঘটনায় নিম্নলিখিত তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথমত, রাবির বিপক্ষে শাবিপ্রবির দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
দ্বিতীয়ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় অভিমালো (জার্সি নং ১১) কে অখেলোয়াড় সুলভ ও মারমুখি আচরণের কারণে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করা হয়। একইসাথে ঘটনার পরিক্রমায় সংঘর্ষে লিপ্ত হওয়ায় শাহরুল ইসলাম (জার্সি নং ৫) কে সতর্ক করার জন্যও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয় ।
তৃতীয়ত, খেলোয়াড় সুলভ আচরণ না করার কারণে শাবিপ্রবি দলের দুইজন খেলোয়াড় ফারহান তামিম দিপ্ত (জার্সি নং ২২) এবং আসাদুল হাবিব (জার্সি নং ১১) কে উক্ত টুর্নামেন্টের পরবর্তী সকল খেলা থেকে বহিষ্কার করা হয়। ”
জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং মাঠে অনুষ্ঠিত খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ১-০ গোলে এগিয়ে থাকে। খেলা শেষ হওয়ার ২মিনিট পূর্বে শাবিপ্রবি রাবির বিপক্ষে ফ্রি-কিক পায়। ফ্রি কিকের প্রস্তুতির সময়ে হঠাৎ করে রাবির খেলোয়াড় অভিমালো শাবিপ্রবির খেলোয়াড় সাব্বির হোসেন কে কোন প্রকার উস্কানি ছাড়া ঘুষি মারে। এমতাবস্থায় সাব্বির রক্তাক্ত হয় হাসপাতালে নিয়ে চোখের উপরে কপালে তাকে চারটি সেলাই দিতে হয়। এঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এবং উক্ত খেলাটি অমিমাংসিত অবস্থায় শেষ হয়।
বৃহস্পতিবার(১৪ মে) রাতে শাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “চবি কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্তের বিষয়গুলো রাতে মুঠোফোনে কল দিয়ে জানানো হয়েছে। “

