যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাবের বিগত কমিটির সভাপতি আহাদ সৈকত। তিনি ক্যারিয়ার ক্লাবের সঙ্গে তাঁর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, একটি শিক্ষার্থীবান্ধব ক্যারিয়ার প্ল্যাটফর্ম হিসেবে ক্লাবটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতন হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি নবীন সদস্যদের ক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকার আহ্বান জানান।বর্তমান কমিটির সভাপতি রিফাত আহমেদ বাপ্পি তাঁর বক্তব্যে বলেন, ক্যারিয়ার গঠনের জন্য শুধু একাডেমিক ফলাফল যথেষ্ট নয়; এর পাশাপাশি দক্ষতা, যোগাযোগ, নেতৃত্ব ও বাস্তব অভিজ্ঞতা অর্জনও জরুরি। এসব ক্ষেত্রে শিক্ষার্থীদের সুযোগ তৈরি করতে ক্যারিয়ার ক্লাব ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সাধারণ সম্পাদক আবিদ হাসান বলেন, ক্যারিয়ার ক্লাবকে শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নবীন সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ইফতেখার মাহমুদ লাবিব। তিনি বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার-সংক্রান্ত বিভিন্ন সুযোগ, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম এবং বাস্তবমুখী অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই ক্লাবটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও ক্যারিয়ারভিত্তিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।অনুষ্ঠানে চলমান কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর পাশাপাশি বিদায়ী সদস্যদের অবদান ও স্মৃতিচারণ করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাফিউ চৌধুরী ও স্বাগতা রানী সাহা।নবীনদের ক্যারিয়ার গঠনে উৎসাহিত করা, বিদায়ী সদস্যদের অবদানকে স্মরণ করা এবং ক্যারিয়ার ক্লাবের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
