জুলাইয়ের চেতনার বর্ষপূর্তিতে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি শাখার
শাবিপ্রবি প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তির প্রেক্ষাপটে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত ধারাবাহিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনকিলাব মঞ্চ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।
সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ, আবাসন সংকট নিরসনসহ বিভিন্ন ন্যায্য দাবিতে পরিচালিত শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, নির্বাচিত জকসু প্রতিনিধি, ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, বামপন্থী ছাত্রসংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের পর আবারও ইনকিলাব মঞ্চ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও জকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীর ওপর হামলার সংবাদ উদ্বেগজনক। একই সময়ে সরকারি আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ ও সহিংসতার ঘটনাও শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাইয়ের চেতনা ছিল ন্যায়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার। কিন্তু সেই চেতনার বর্ষপূর্তিতেই শিক্ষার্থীদের ওপর হামলার ধারাবাহিকতা অত্যন্ত উদ্বেগজনক। মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার এবং গণতান্ত্রিক সহাবস্থান কোনো ব্যক্তি বা সংগঠনের শক্তি প্রদর্শনের মাধ্যমে দমিয়ে রাখা যায় না এবং তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।
ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি শাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক হামলার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।
বিবৃতিতে সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষাঙ্গনকে রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রতিটি শিক্ষার্থীর নিরাপদ, ভয়মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে শিক্ষা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এতে আরও বলা হয়, জুলাইয়ের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা তখনই রক্ষা পাবে, যখন শিক্ষাঙ্গনে ভিন্নমতকে দমন নয়, বরং সংলাপ, সহনশীলতা, আইনের শাসন ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। ন্যায়বিচার, শিক্ষার্থীদের অধিকার এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার সংগ্রামে ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি শাখা সবসময় সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

