সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন

Spread the love

সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর ২০২৬ তারিখ সোমবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বর্ষ উদ্যাপনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘ত্রিশাল হলো ‘নজরুল সংস্কৃতির হেরিটেজ’ আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হলো ‘নজরুলের ভ্যানগার্ড’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ২০২৬-২৭ সালকে ‘নজরুল বর্ষ’ এবং ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করেছেন। এরফলে নজরুলের সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে আমাদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। মুখ্য আলোচক হিসেবে অনলাইনে যুক্ত হয়ে আলোচনা করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। শুভেচ্চা বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন) এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন নজরুল বর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। সঞ্চালনায় ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম (রাশেদ আনাম)।

অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সেমিনারের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *