আলোচনায় শাবিপ্রবি ছাত্রদল সভাপতি রাহাত জামানের উচ্চশিক্ষার প্রস্তুতিতে সহায়ক ScholarBhai.com

Spread the love

আলোচনায় শাবিপ্রবি ছাত্রদল সভাপতি রাহাত জামানের উচ্চশিক্ষার প্রস্তুতিতে সহায়ক ScholarBhai.com

শাবিপ্রবি প্রতিনিধি

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের স্কলারশিপ খোঁজা, আবেদনের প্রস্তুতি ও প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরির প্রক্রিয়া সহজ করতে এআইনির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ScholarBhai.com’ তৈরি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান।

সোমবার (১২ অক্টোবর) প্ল্যাটফর্মটির বিষয়ে তথ্য জানান রাহাত জামান। তাঁর মতে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে আগ্রহী শিক্ষার্থীদের আন্তর্জাতিক মান অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে সহায়তা করবে।

প্ল্যাটফর্মটির অন্যতম বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী উপযুক্ত স্কলারশিপ খুঁজে পেতে সহায়তা করা। শিক্ষার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেটি বিশ্লেষণ করে একটি প্রোফাইল তৈরি করবে। একাডেমিক জিপিএ, সিজিপিএ, আইইএলটিএস স্কোর, স্টাডি গ্যাপ ও ব্যাংক ব্যালেন্সের মতো বিষয় বিবেচনায় নিয়ে ডাটাবেজে থাকা স্কলারশিপগুলোর সঙ্গে শিক্ষার্থীর যোগ্যতা মিলিয়ে দেখা হবে। প্রতিটি স্কলারশিপের বিপরীতে দেখানো হবে একটি ‘ফিট স্কোর’। কোনো যোগ্যতায় ঘাটতি থাকলে তা পূরণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবে প্ল্যাটফর্মটি।

আবেদনের গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত ও পরিমার্জনের জন্য এতে রয়েছে ‘ডকুমেন্ট ওয়ার্কস্পেস’। এআইয়ের সহায়তায় নির্দিষ্ট স্কলারশিপ বা আবেদনের উপযোগী করে সিভি সাজানো যাবে। পাশাপাশি স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) ও কভার লেটার মূল্যায়নের জন্য রয়েছে ‘ডকুমেন্ট রেডিনেস স্কোর’ ফিচার। এর মাধ্যমে নথির দুর্বল দিকগুলো শনাক্ত করে সংশোধনের বিষয়ে পরামর্শ পাওয়া যাবে।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও শিক্ষার্থীদের সহায়তা করবে প্ল্যাটফর্মটি। ‘প্রফেসর আউটরিচ’ ফিচারের মাধ্যমে সংশ্লিষ্ট অধ্যাপকদের গবেষণার বিষয়বস্তু খুঁজে বের করে তাঁদের কাছে পাঠানোর উপযোগী ইমেইলের খসড়া তৈরি করা যাবে। এ ছাড়া যাচাইকৃত বিশেষজ্ঞ ও সাবেক শিক্ষার্থীদের (অ্যালামনাই) কাছ থেকে উচ্চশিক্ষা ও আবেদনপ্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনা পাওয়ার ব্যবস্থাও রয়েছে।

উদ্যোগটি সম্পর্কে রাহাত জামান বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও ভবিষ্যতের কথা মাথায় রেখেই তাঁদের এ উদ্যোগ। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সমালোচনামূলক চিন্তাভাবনার চর্চা ও দক্ষ পেশাজীবী তৈরি করা গুরুত্বপূর্ণ। তাঁর প্রত্যাশা, প্রযুক্তি ও পরিকল্পনার সমন্বয়ে তৈরি এই প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের শুধু স্কলারশিপ খুঁজতেই নয়, বরং আন্তর্জাতিক মান অনুযায়ী নিজেদের প্রস্তুত করতেও সহায়তা করবে। একই সঙ্গে দেশের মানবসম্পদ উন্নয়নেও ভূমিকা রাখবে এটি।

ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে আন্তর্জাতিক ইন্টার্নশিপ ও বিভিন্ন বৈশ্বিক প্রতিযোগিতার সুযোগ যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট উদ্যোগের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *