শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিতের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ডেঙ্গু প্রতিরোধ ও ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শাবিপ্রবি শাখা।

আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের জন্য সুস্থ, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে।
স্মারকলিপিতে ক্যাম্পাসের প্রশাসনিক ও একাডেমিক ভবন, আবাসিক হল এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে নিয়মিত ফগিং ও মশক নিধন ওষুধ স্প্রে করার দাবি জানানো হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ, ঝোপঝাড় এবং নালা-নর্দমা পরিষ্কারের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া প্রতিটি আবাসিক হল ও ক্যাফেটেরিয়া এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির দাবিও জানানো হয়।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের অধিকার ও স্বাস্থ্য নিরাপত্তা রক্ষায় সংগঠনটি সবসময় সোচ্চার। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেবে।
