রাবিপ্রবি ছাত্রদলের ১ নেতার পদ স্থগিত ও ৩ নেতাকে বহিষ্কার
রাবিপ্রবি প্রতিনিধিঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জিশান আহমেদের পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
একই সঙ্গে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ারকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অপর এক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস, মো. সুলেমান বাদশা এবং নকিবুল আবছার শাওনকে সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাবিপ্রবি শাখা ছাত্রদলের ওই তিন যুগ্ম আহ্বায়ককে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এসব সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ থাকার পরেও কেন্দ্রীয় ছাত্রদল হতে জিশান আহমেদের কোনো ব্যবস্থা না নেয়ায় শোকজের পর গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পদত্যাগের ঘোষণা দেন উক্ত যুগ্ম আহবায়কেরা।

