ইউজিসি চেয়ারম্যানের আমন্ত্রণে মতবিনিময় সভায় অংশ নেন শাবিপ্রবির উপাচার্য
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের আমন্ত্রণে ২০২৬–২৭ অর্থবছরের গবেষণা বাজেট বাস্তবায়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) ইউজিসি অডিটোরিয়ামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত এ সভায় গবেষণা বাজেটের বাস্তবায়ন, ব্যবস্থাপনা এবং বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।
সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা বাজেট ইউজিসির মাধ্যমে বাস্তবায়ন করা হলেও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে। তিনি জানান, গবেষণা খাতে বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু, কার্যকর ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সম্পৃক্ত করে একটি সমন্বিত কমিটি গঠন করা হবে। পাশাপাশি গবেষণা বাজেট ব্যবস্থাপনা ও বাস্তবায়নের জন্য ইউজিসি একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করবে।
তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা বাজেট একটি নির্দিষ্ট কোডের মাধ্যমে বরাদ্দ দেওয়া হচ্ছে। ইউজিসি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। তবে এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে নিয়মিত আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা হবে।
সভায় বক্তব্যে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মানোন্নয়ন ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে পর্যাপ্ত ও সময়োপযোগী অর্থায়নের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে গবেষণা অনুদান দ্রুত বিতরণ, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং বিশ্ববিদ্যালয়গুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা আন্তর্জাতিক মানে আরও এগিয়ে যাবে।
সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন উপস্থিত ছিলেন।
এ ছাড়া দেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাঁদের মনোনীত প্রতিনিধি এবং ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশ নেন।

