রাবিপ্রবির নতুন উপাচার্য – কে এই জয়নুল আবেদীন সিদ্দিকী?

Spread the love

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে রাবিপ্রবির উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে বোর্ডে ১৭তম হয়ে এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ১৯৯২ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৯৪ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার অংশ হিসেবে ড. জয়নুল আবেদীন সিদ্দিকী জাপান সরকারের মনবুশো স্কলারশিপ নিয়ে ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে পিএইচডি এবং কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে পোস্টডক্টরাল সম্পন্ন করেন।গবেষণাক্ষেত্রে তিনি পরিচিত মুখ। এলসেভিয়ার, দক্ষিণ আফ্রিকান কেমিক্যাল সোসাইটি এবং আমেরিকান কেমিক্যাল সোসাইটির মতো আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে রিভিউয়ার হিসেবে কাজ করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণা উপস্থাপন করেছেন পাশাপাশি রয়েছি তিনটি পেটেন্ট। গুগল স্কলারে তার সাইটেশন সংখ্যা ৮১২। এছাড়াও রয়েছে তার রচিত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য এনসিটিবি অনুমোদিত রসায়নের দুটি বই।ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর শিক্ষকতা জীবন শুরু হয় ১৯৯৫ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে। পরের বছর ১৯৯৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতা জীবনে তিনি বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *