ঢাবি ছাত্রদল কর্তৃক সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে যবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন
যবিপ্রবি প্রতিনিধি:
পেশাগত দায়িত্বপালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কর্তৃক মানববন্ধনের আয়োজন করা হয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল আমিন , সাবেক সাধারণ সম্পাদক এটিএম মাহফুজ, তানভীর খন্দকার, ইমরান হোসেন, রকিবুল হাসান তারেক, ইমদাদুল ইসলাম ,রোকাইয়া ও প্রমুখ।
মানববন্ধনে যবিপ্রবিসাসের সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের দৈনিক কালবেলার প্রতিনিধি এটিএম মাহফুজ বলেন, স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে দেশ-জাতির কল্যাণে গনমাধ্যম সব সময় স্বাধীনভাবে কাজ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে কাজ করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ক্ষমতাসীন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা করলো। যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আমরা এ ঘটনায় তদন্ত করে সঠিক বিচার নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্য রোকাইয়া বলেন, ঢাবির সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার মতো নিকৃষ্ট কাজের প্রতিবাদ স্বরূপ আজ যবিপ্রবি সাংবাদিক সমিতির সকল সদস্যের এ মানববন্ধন কর্মসূচি। আমরা মনে করি সাংবাদিক যেখানে সর্বদা সত্য প্রকাশে সোচ্চার তাদের উপর এমন হামলা অমানবিক এবং প্রশ্নবিদ্ধ একটি কাজ।
দেশের সেরা বিদ্যাপিঠগুলোতে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের উপর এ আক্রমণ কখনোই কাম্য নয় এবং ঘটনা পরবর্তী পদক্ষেপও নিন্দনীয়। আমরা
দ্রুতই এ গঠনার পূর্ণ তদন্ত ও শাস্তির বাস্তবায়ন চাই।
মানববন্ধনের সমাপনী বক্তব্যে যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি রুহুল আমিন বলেন, গত বৃহস্পতিবার শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক সহকর্মী ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন। আমরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এমন হামলা শুধু দুঃখজনকই নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের ওপর জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এনপিবি নিউজের প্রতিনিধি ও যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক শেখ সাদী ভূঁইয়া।
