BDOAA-এ মাভাবিপ্রবির সাফল্যের স্বীকৃতি, ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ
মশিউর রহমান মারুফ (মাভাবিপ্রবি প্রতিনিধি 🙂
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এর স্পেস, টেক অ্যান্ড রিসার্চ ক্লাব সম্প্রতি Bangladesh Olympiad on Astronomy and Astrophysics (BDOAA)-এ “Best Regional Coordinator Award” অর্জন করেছে। এই সাফল্যের প্রেক্ষিতে ক্লাবের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ক্লাবের প্রতিষ্ঠাতা মো. সাফিনসহ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অলিম্পিয়াডে অংশগ্রহণ ও আয়োজনের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা রিজিওনাল ও ন্যাশনাল রাউন্ডে সম্পৃক্ততা, চ্যালেঞ্জ এবং অর্জনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের এ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এ ধরনের সাফল্য শুধু ব্যক্তিগত বা একটি ক্লাবের অর্জন নয়; বরং এটি পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ এবং নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষার্থীরা ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও সমুন্নত রাখবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এছাড়া নতুন প্রজন্মকে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনার আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জন তুলে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, BDOAA অলিম্পিয়াডের রিজিওনাল রাউন্ড ১৪ নভেম্বর ২০২৫ তারিখে মাভাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়, যার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের স্পেস, টেক অ্যান্ড রিসার্চ ক্লাব। এতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে; বিশেষ করে টাঙ্গাইল অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
পরবর্তীতে ১৮ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত ন্যাশনাল রাউন্ডে সফল আয়োজনের স্বীকৃতিস্বরূপ ক্লাবটি “Best Regional Coordinator Award” অর্জন করে। অলিম্পিয়াডটির সার্বিক আয়োজন করে Bangladesh Olympiad on Astronomy and Astrophysics (BDOAA) এবং দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল।
পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে ক্লাবের প্রতিষ্ঠাতা মো. সাফিন বলেন, “এই অর্জন আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়বে।”
