জকসুর দাবিতে জবির বিজ্ঞান অনুষদ ভবনে র্যাম্প স্থাপন
জবি প্রতিনিধি
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান অনুষদ ভবনে র্যাম্প নির্মাণের কাজ সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের দাবির পরিপ্রেক্ষিতে এ কাজ করা হয়েছে বলে জানা যায়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জকসুর পক্ষ থেকে প্রকাশিত এক পোস্টারে বিষয়টি জানানো হয়। পোস্টারে বিজ্ঞান অনুষদ ভবনে নির্মিত র্যাম্পের ছবি তুলে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে।
পোস্টারে উল্লেখ করা হয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কুষ্টম, ঢাল ও লিফটবিহীন র্যাম্পসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞান অনুষদ ভবনে র্যাম্প নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে।
পোস্টারে আরও বলা হয়, ভবনের প্রবেশপথে হুইলচেয়ার ব্যবহারকারী শিক্ষার্থীদের চলাচলের সুবিধা নিশ্চিত করতে নতুন র্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকাশিত ছবিতে হুইলচেয়ারে থাকা একজন শিক্ষার্থীকে র্যাম্প দিয়ে ভবনে প্রবেশ করতে দেখা যায়।

জকসু সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাগল করে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তারা। হল বিহীন এই ক্যাম্পাসে তাদের সংগ্রামের গল্প আমরা ঠিকঠাকভাবে ধারণ করতে পারি না। ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীরা যে যে সুবিধা পাওয়ার কথা সেগুলো দেওয়ার ক্ষেত্রেও প্রশাসন যথেষ্ট উদাসীন। আমি জকসুর পরপরই আরো কিছু বিষয় প্রশাসনকে জানিয়ে আসছি তার মধ্যে র্যাম্পের কাজটা প্রশাসন করেছে সেজন্য ধন্যবাদ।”
এদিকে, জকসুর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জকসু এর আগে শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি সামনে এনেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়টিও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।##

