‎মানারাত বিতর্কে চ্যাম্পিয়ন জেএনইউডিএসের একাত্তরের গণহত্যা

Spread the love

‎মানারাত বিতর্কে চ্যাম্পিয়ন জেএনইউডিএসের একাত্তরের গণহত্যা

‎জবি প্রতিনিধি,

‎মানারাত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট বিতর্ক ক্লাব আয়োজিত মানারাত ইনভাইটেশনাল চ্যাপ্টার ওয়ান বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ‘একাত্তরের গণহত্যা’ দল। ফাইনালে বাংলা কলেজের দলকে ৭–০ ব্যালটে হারিয়ে শিরোপা জেতে তারা।

‎২৮ আগস্ট আশুলিয়ায় মানারাত ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১২টি বিশ্ববিদ্যালয়ের ১২টি দল অংশ নেয়।

‎প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে মানারাতের ‘প্রত্যাশা’ দলকে হারিয়ে সেমিফাইনালে ওঠে জেএনইউডিএসের ‘একাত্তরের গণহত্যা’। সেমিফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘অমর একুশ’ দলকে ৩–২ ব্যালটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় দলটি।

‎ফাইনালে ‘এই সংসদ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদান সমর্থন করে না’ প্রস্তাবের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বাংলা কলেজের দলকে ৭–০ ব্যালটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জেএনইউডিএস। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ৩ হাজার টাকা।

‎চ্যাম্পিয়ন দলের হয়ে বিতর্কে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী সাদিয়া আফরোজ মীম, ফার্মেসি বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আবরার তানজীম এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ওমর ফাহমিদ খান।

‎চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানিয়ে সাদিয়া আফরোজ মীম বলেন, “জেএনইউডিএস হয়ে ট্রফি জেতা সবসময়ই আনন্দের। আবরার ও ফাহমিদ আমার অসাধারণ দুজন টিমমেট। তারা দুজনও অনেক ভালো বিতার্কিক। জেএনইউডিএসে এত ভালো ভালো জুনিয়র বিতার্কিক তৈরি হচ্ছে, সেটা দেখে অর্থ সম্পাদক হিসেবে আমি গর্বিত। জেএনইউডিএসের এই ট্রফির ধারা সবসময় অব্যাহত থাকুক এই আশা করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *