খুকৃবি প্রতিনিধি
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ‘ক্যাম্পাস প্রিমিয়ার লিগ (Campus Premier League—CPL)’। আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় রয়েছে ইসলামপুর আদর্শ বিদ্যানিকেতন।

টুর্নামেন্টকে সামনে রেখে গত ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার নিলাম। এবারের আসরে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। দলগুলোর অধিনায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের এবং সহ-অধিনায়ক হিসেবে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ছয়টি দলে নিজেদের জায়গা করে নিয়েছেন।
নিলাম অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী ২৬ নভেম্বর মাঠে গড়াবে ‘ক্যাম্পাস প্রিমিয়ার লিগ (CPL)’-এর প্রথম ম্যাচ। তিন দিনব্যাপী এ ক্রিকেট আসরের পর্দা নামবে ২৮ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।
