ইবিতে মিউজিক এসোসিয়েশনের উদ্যোগে ‘মেঘ ও সন্ধার গান’
ইবি প্রতিনিধি,
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন মিউজিক এসোসিয়েশনের (কুহরণ) নবীন সদস্যদের বরণ উপলক্ষে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক উৎসব ‘মেঘ ও সন্ধার গান’ আয়োজন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংগঠনের সাবেক ও নতুন সদস্য এবং শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন, বর্তমান সভাপতি সাকিব হোসাইন, সাধারণ সম্পাদক জারিন তাসনিম পুষ্প এবং অন্য সদস্যরা। এছাড়া ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক জারিন তাননিম পুষ্প বলেন, নবীন সদস্যদের বরণ করে নেওয়ার পাশাপাশি সংগঠনের সিনিয়র ও সাবেক সদস্যদের সঙ্গে নতুনদের যে দূরত্ব তৈরি হচ্ছে, তা কমিয়ে আনা আমাদের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনেক নবীন সদস্য সাবেকদের চেনেন না। ফলে তাঁদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগও তৈরি হচ্ছে না। এই দূরত্ব দূর করে প্রাক্তন ও নবীনদের মধ্যে একটি সুন্দর ও আন্তরিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই আজকের আয়োজন।
তিনি আরও বলেন, এখন যেহেতু বর্ষাকাল, চারদিকে মেঘ ও বৃষ্টির আবহ বিরাজ করছে, তাই এই প্রকৃতির আবহকে সামনে রেখে আমাদের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘মেঘ ও সন্ধ্যার গান’। আজকের অনুষ্ঠানে মূলত আগমনী গান, বৃষ্টির গান, মেঘ ও সন্ধ্যার গানসহ বিভিন্ন বাংলা সংগীত পরিবেশন করা হবে।

